বলিউড অভিনেত্রী জারিন খান সম্প্রতি পূজা ভাটের সঙ্গে ম্যামথ মিডিয়া এশিয়ার একটি পডকাস্টে কথা বলতে গিয়ে পুরনো অভিজ্ঞতা ফের তুলে ধরেন। তিনি জানান, ‘হেট স্টোরি ৩’ করার পর থেকেই ইন্ডাস্ট্রির অনেকেই তাকে অন্য চোখে দেখতে শুরু করেছিলেন। তার কথায়, অনেকেই মন্তব্য করতেন, তিনি নাকি অভিনয় পারেন না বলেই সাহসী দৃশ্যের আশ্রয় নিয়েছেন। জারিনের দাবি, অনন্ত মহাদেবন প্রথমে তাকে যে গল্প শুনিয়েছিলেন, তাতে এমন দৃশ্যের কথা ছিল না। পরিচালক নাকি বলেছিলেন, এটি ‘নোয়ার’ ঘরানার ছবি, ‘হেট স্টোরি’-র মতো নয়। কিন্তু শুটিং শুরু হওয়ার পর তিনি দেখেন, প্রায় প্রতিটি দৃশ্যেই চুম্বন বা বোল্ড দৃশ্য যোগ করা হচ্ছে।
অভিনেত্রীর কথায়, বোল্ড দৃশ্যে অভিনয় করতে তার ব্যক্তিগত আপত্তি ছিল না। কিন্তু তাকে যে ধরনের ছবির কথা বলে সই করানো হয়েছিল, বাস্তবে সেটি একেবারেই ভিন্ন হয়ে ওঠে। তিনি আরও অভিযোগ করেন, পরিচালক নাকি প্রযোজকদের কাছে এক রকম কথা বলতেন, আবার তার ও কস্টিউম ডিজাইনার শাহিদ আমিরের কাছে আরেক রকম। ফলে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জারিন জানান, প্রযোজকরা প্রায় প্রতিটি দৃশ্যে তাকে আরও বোল্ড দৃশ্য করতে বলছিলেন, কারণ তিনি আগে একটি বোল্ড ছবিতে অভিনয় করেছিলেন।