স্কুলে পর্যায়ক্রমে চালু হবে মিড ডে মিল : ববি হাজ্জাজ

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৭:২৯ এএম

দেশের সব স্কুলে ধাপে ধাপে মিড ডে মিল চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার মতে, শুরুতে উপজেলা পর্যায়ের সরকারি স্কুলগুলোতে এই কর্মসূচি চালু করা হবে এবং পরবর্তীতে তা সারা দেশে বিস্তৃত করা হবে। গতকাল রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে একক কারিকুলামের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। বাংলা, ইংরেজি ও ইবতেদায়ীসহ সব মাধ্যমে ১২ বছরের শিক্ষা শেষে শিক্ষার্থীরা সমান দক্ষতা অর্জন করতে পারবে, এ লক্ষ্যেই কাজ চলছে। ‘শিক্ষা কারিকুলামে সংস্কৃতি ও খেলাধুলার শিক্ষাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুন থেকে এ বিষয়ে কাজ শুরু হবে এবং দুই থেকে তিন বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে’ বলে জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি আরও জানান, সরকার ভাষাগত দক্ষতা, গণিত ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে দক্ষ জনসংখ্যা গড়ে তোলার পরিকল্পনা করছে। একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের হাতে প্রযুক্তি পৗঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, স্কুলের বাইরে অতিরিক্ত অর্থ খরচ করে কোচিং নির্ভর শিক্ষাকে সরকার নিরুৎসাহিত করতে চায়। তার আশা, আগামী তিন বছরের মধ্যে কোচিং সংস্কৃতি কমে আসবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত