রাজশাহী সিটি করপোরেশন

প্রশাসকের দায়িত্ব নিলেন মাহফুজুর রহমান রিটন

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৭:৩০ এএম

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন মাহফুজুর রহমান রিটন। গতকাল সোমবার দুপুরে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ দিন তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ.ন.ম বজলুর রশীদ।

গতকাল দুপুরে নগর ভবনে নবনিযুক্ত রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে ফুল দিয়ে স্বাগত জানান সিটি করপোরেশনের কর্মকর্তারা। এ সময় বিদায়ী প্রশাসককেও ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক নিযুক্ত করায় আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যথাযথভাবে পালন করব। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বৃদ্ধি করা হবে। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে নাগরিক ভোগান্তি দূর করা হবে।

রিটন আরও বলেন, সিটি করপোরেশনকে একটি কার্যকর সিটি করপোরেশনে পরিণত করতে চাই। এ কাজে আমি নগরবাসী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা ,শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, সাবেক আহ্বায়ক ও ১ নং সদস্য অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ উপস্থিত ছিলেন

এর আগে দুপুর ১২টায় হযরত শাহ মখদুম রুপোশ (রহ.) এর মাজার জিয়ারত করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত