অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া দুই ইরানি ফুটবলার এখন ব্রিসবেনের মাঠে

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম

অনেক নাটকীয়তা আর উৎকণ্ঠার পর অবশেষে খেলার মাঠে ফিরলেন ইরানি নারী ফুটবল দলের দুই সদস্য ফাতেমেহ পাসান্দিদেহ এবং আতেফেহ রামাজানিসাদেহ। অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় পাওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন তার। ব্রিসবেনের অন্যতম জনপ্রিয় ক্লাব ‘ব্রিসবেন রোর’-এর জার্সিতে হাসিমুখে অনুশীলনের একটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ ‘এ-লিগ ওম্যান’-এর ক্লাব ব্রিসবেন রোর গত সোমবার তাদের ইনস্টাগ্রামে এই দুই ফুটবলারকে স্বাগত জানায়। ক্লাবের সিইও কাজ পাতাফতা এক বিবৃতিতে বলেন, ‘ফাতেমেহ এবং আতেফেহ আমাদের ক্লাবের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের জন্য একটি নিরাপদ এবং সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুশীলনের ছবি পোস্ট করে ফাতেমেহ পাসান্দিদেহ লিখেছেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে।’ বর্তমানে তারা অস্ট্রেলিয়ার একটি গোপন ও নিরাপদ স্থানে অবস্থান করছেন এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে।

এশিয়ান কাপ চলাকালীন জাতীয় সংগীত না গেয়ে প্রতিবাদ জানানো এবং নিজ দেশে ‘যুদ্ধাপরাধী’ তকমা পাওয়ার পর এই ফুটবলারদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল। শুরুতে দলের ৭ জন সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করলেও শেষ মুহূর্তে ৫ জন তাদের সিদ্ধান্ত বদলে ইরানে ফিরে যাওয়ার পথ বেছে নেন। তবে ফাতেমেহ ও আতেফেহ তাদের সিদ্ধান্তে অটল থেকে অস্ট্রেলিয়াতেই থেকে যান।

ইরানি নারী ফুটবল দলের বাকি সদস্যরা ইতিমধ্যে মালয়েশিয়া থেকে ওমানের উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকেই তারা তেহরানে ফিরবেন বলে জানা গেছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সাধারণ সম্পাদক উইন্ডসর জন জানিয়েছেন, ফিফা এবং এএফসি নিয়মিত এই খেলোয়াড়দের খোঁজখবর রাখবে যাতে ইরানে ফেরার পর তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।

ইরান সরকারের পক্ষ থেকে অবশ্য বারবার আশ্বস্ত করা হয়েছে যে, ফিরে আসা খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ফাতেমেহ ও আতেফেহ আপাতত ব্রিসবেন রোর-এর হয়ে অস্ট্রেলিয়ার মাঠেই নিজেদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত