হৃদয়ে স্কুলব্যাগ, বাহুতে কালো ব্যান্ড: নিহত ছাত্রীদের স্মরণ ইরানি ফুটবলারদের

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১১:১২ পিএম

খেলার মাঠ যখন প্রতিবাদের মঞ্চ হয়ে ওঠে, তখন স্কোরলাইনের চেয়েও বড় হয়ে দাঁড়ায় মানবিকতা। তুরস্কের বেলেকে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে ঠিক এমন এক দৃশ্য দেখল বিশ্ব। বাহুতে কালো ব্যান্ড আর বুকে জড়িয়ে ধরা রঙিন স্কুলব্যাগ—ইরান জাতীয় দলের ফুটবলাররা এভাবেই স্মরণ করলেন নিজ দেশে হামলায় নিহত শত শত স্কুলছাত্রী ও শিক্ষকদের।

ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজার সময় ইরানের ফুটবলাররা প্রথাগতভাবে দাঁড়িয়ে না থেকে প্রত্যেকের হাতে একটি করে গোলাপি ও বেগুনি রঙের স্কুলব্যাগ নিয়ে লাইনে দাঁড়ান। গত সপ্তাহে শজরেহ তৈয়্যবা স্কুলে ভয়াবহ এক হামলায় ১৬৫ জন ছাত্রী এবং শিক্ষকসহ মোট ১৭৫ জন নিহত হন। সেই নিষ্পাপ প্রাণগুলোর প্রতি শ্রদ্ধা জানাতেই ফুটবলারদের এই অনন্য আয়োজন।

দলের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, "খেলোয়াড়রা এই স্কুলব্যাগগুলো হৃদয়ের কাছে ধরে রেখেছিলেন সেই সব শিশুদের স্মরণে, যাদের জীবন অকালে ঝরে গেছে।"

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে। ইরান ফুটবল ফেডারেশন তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার আবেদন করলেও ফিফা তা নাকচ করে দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইরান।

এর আগে ইরানের নারী ফুটবল দলও এশিয়ান কাপের ম্যাচে জাতীয় সঙ্গীতের সময় নীরব থেকে প্রতিবাদ জানিয়েছিল, যাদেরকে পরবর্তীতে রাষ্ট্রীয় গণমাধ্যমে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দেওয়া হয়। সেই চাপের মুখে দাঁড়িয়ে পুরুষ দলের এই সাহসী অবস্থান বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত