ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি শুরু হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় তিনি সচিবালয়ে নিজের দফতরে যান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সকালে সচিবালয়ে এসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। আজ থেকে সরকারি ছুটি শুরু হলেও তিনি অফিস করছেন। প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির মধ্যে ছিল মন্ত্রিসভার বৈঠকও।

প্রধানমন্ত্রী সচিবালয়ের এক নম্বর ভবনে নিজ দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।

উল্লেখ্য, আজ মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে, যা চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকার কথা ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি আগামীকাল ১৮ মার্চও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে। ফলে ১৭ মার্চ শবে কদরের ছুটি মিলিয়ে এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত