রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাব ভারতকে

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল করলেও কূটনৈতিক জটিলতায় গত ২০ মাস ধরে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। এর মধ্যেই দুই দেশের মধ্যে নতুন পথে আরেকটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। সম্প্রতি রাজশাহী ও ভারতের কলকাতার মধ্যে সরাসরি ট্রেন চালু করতে দিল্লিকে প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে ঢাকা।

গত ১২ মার্চ বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ভারতীয় রেলওয়ে বোর্ড বরাবর এই প্রস্তাব পাঠানো হয়। এর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩৮তম আন্তঃসরকার বৈঠকের প্রস্তুতিমূলক সভায় নতুন রুটে ট্রেন চালুর বিষয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। 

নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, রাজশাহী-কলকাতা রুটে ট্রেন চালুর বিষয়ে গত বছরের মাঝামাঝি সময়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই উদ্যোগ এগোয়নি। এখন আমরা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছি। আগামী আন্তঃসরকার বৈঠকে বিষয়টি আলোচনায় আসবে।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য নির্ধারিত রয়েছে। এর মধ্যে সবচেয়ে পুরোনো মৈত্রী এক্সপ্রেস ২০০৮ সালের ১৪ এপ্রিল চালু হয়। প্রায় চার দশক পর ঢাকা ও কলকাতার মধ্যে সরাসরি রেলযোগাযোগ পুনঃস্থাপন করে ট্রেনটি। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে দর্শনা-গেদে সীমান্ত হয়ে কলকাতায় পৌঁছায় এই ট্রেন। প্রায় ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে ৮ থেকে ১০ ঘণ্টা।

দ্বিতীয় ট্রেন বন্ধন এক্সপ্রেস ২০১৭ সালের ১৬ নভেম্বর চালু হয়। এটি খুলনা ও কলকাতার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে। খুলনা থেকে ছেড়ে যশোর ও বেনাপোল হয়ে ভারতের পেট্রাপোল সীমান্ত পেরিয়ে কলকাতায় পৌঁছে ট্রেনটি। প্রায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টা। পুরনো বরিশাল এক্সপ্রেস রুটের পুনরুজ্জীবন হিসেবে বিবেচিত এই ট্রেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছিল।

সবশেষে, দেশের তৃতীয় আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস ২০২১ সালের ২৬ মার্চ উদ্বোধন করা হয়। ২০২২ সালের জুন থেকে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করা এই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চিলাহাটি-হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতের নিউ জলপাইগুড়িতে পৌঁছায়। প্রায় ৫২০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে ১০ থেকে ১১ ঘণ্টা।

কিন্তু কূটনৈতিক জটিলতার কারণে গত ২০ মাস ধরে এই তিনটি ট্রেনেই যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। এ অবস্থায় নতুন রুটে ট্রেন চালুর প্রস্তাব দিলো বাংলাদেশ।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ঢাকা ও খুলনা থেকে বর্তমানে তিনটি ট্রেন ছেড়ে যায়। সমীক্ষা বলছে, রাজশাহী থেকে আরেকটি ট্রেন চালু করা গেলে সেটিও ভাল যাত্রী পাবে। আমরা ভারতকে প্রস্তাব দিয়েছি। বাকিটা দুই দেশের আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত