অনিশ্চিত শাকিরার ভারত সফর

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:১৯ এএম

১৯ বছরের লম্বা সময় পর মনের ভেতর অন্য রক উন্মাদনা নিয়ে ভারতে কনসার্ট করার ঘোষণা করেন লাটিন পপ তারকা শাকিরা। ওয়াকা ওয়াকা’খ্যাত সংগীতশিল্পীর এই সফর শুধু বিনোদনের জন্য নয়; ক্ষুধা ও অপুষ্টি নিয়ে সচেতনতা তৈরিও এর অন্যতম লক্ষ্য। শুরুতে কথা ছিল মুম্বাইয়ে তিনি পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সবকিছু ছিল চূড়ান্ত। অগ্রিম টিকিট বিক্রির স্রোতে কনসার্টের সময় ও ভেন্যুর সংখ্যাও বাড়ানো হয়। এরইমধ্যে খবর এলো অনিশ্চিত হয়ে যাচ্ছে শাকিরার ভারত সফর। খবর শুনে মাথায় আকাশ ভাঙার মতো অবস্থা শাকিরা ভক্তদের। শোনা যাচ্ছে, চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে শাকিরার ভারত সফর বাতিল হতে যাচ্ছে। এমন খবর এখন বেশ জোরালোভাবে ঘুরছে বিনোদন দুনিয়ায়। যদিও এখনো পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। কিন্ত সফর বানচাল হওয়ার খবরেই ভীষণ মুষড়ে পড়েছেন তারা। এক সপ্তাহ আগেও তার এই ঘোষণায় অনুরাগীরা স্বাভাবিক ভাবেই ছিলেন আনন্দিত।

ভারতে শাকিরার অনুষ্ঠানগুলোর নেপথ্য কারণ সমাজসেবা। অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ দুস্থ শিশুদের উন্নতির জন্যই দান করতেন তিনি। এ প্রসঙ্গে শাকিরা বলেছিলেন, ‘ভারতে অনুষ্ঠান করতে আসার অনুভূতি সব সময়েই সুখের। শিশুদের সঠিক পুষ্টিবৃদ্ধির লক্ষ্য নিয়ে আমার এই অন্ষ্ঠুান।’ ২০০৭ সালে ভারতে অনুষ্ঠান করতে আসেন, তার পরে শাকিরার এ দেশে আসা হয়নি। যদিও অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে গেয়েছেন তিনি। কিন্তু সেটা ভারতে হয়নি। এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘ভারতে পারফর্ম করা সব সময়ই আমার জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীত নয়; এটি একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করা যে প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।’

শুধু তারকাখ্যাতিই নয়, নিজের ‘বেয়ারফুট ফাউন্ডেশন’-এর মাধ্যমে শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। এই উদ্যোগটি ফিডিং ইন্ডিয়া কনসার্টের ‘ক্ষুধা ও অপুষ্টিমুক্ত দেশ’ গড়ার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফিডিং ইন্ডিয়া কনসার্ট একটি কমিউনিটি-চালিত উদ্যোগ, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘জিরো হাঙ্গার’ অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করা।

সর্বশেষ সর্বাধিক পঠিত