১০ লাখ টাকার কাজ ১২ লাখে করা হবে

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, খাল খননের মধ্যে পরিকল্পনা আছে। এই খাল আমরা মেশিন দিয়ে মাটি কাটতে চাই না। আমরা এই এলাকার শ্রমিক দিয়ে খনন করতে চাই। মেশিন দিয়ে খাল খনন করলে হয়ত ১০ লাখ টাকা লাগবে। আর শ্রমিক দিয়ে খনন করলে ১২ লাখ টাকা লাগতে পারে। আমরা প্রয়োজনে ১২ লাখ টাকা দিয়ে খাল খনন করবো। ফলে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে। কারণ মেশিন দিয়ে মাটি কাটলে একজনের উপকার হবে। আর শ্রমিক দিয়ে মাটি কাটলে ১০০ জনের উপকার হবে। শ্রমিকদের আয় হবে। ফলে তাদের পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানী খাল' পুনঃখনন কাজের উদ্বোধনের পর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, গাইবান্ধায় বন্ধ কারখানা চালু সহ আগামীতে এই এলাকায় শিল্প কারখানা গড়ে তোলা হবে। আর এটি নিয়ে প্রধানমন্ত্রীর সুন্দর নির্দেশনা দিবেন। খাল খননে এলাকার শ্রমিক এবং সাধারণ স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং দলী নেতাকর্মী দিয়ে স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে খাল পুন খনন করা হবে। এই কাজে সবাইকে সম্পৃক্ত করে এই খালটি খনন করতে চাই।

তিনি আরও বলেন, খালের মাটি খালের ধারের কাছে না রেখে একটু দূরে রাখতে হবে। সেই মাটিতে বৃক্ষ রোপণ করতে হবে। খাল খননের পর খালে মাছ চাষ করা যাবে। এমনকি খালের মধ্যে হাঁসও পালন করা যেতে পারে। এভাবেই জীবন জীবিকার উন্নয়ন করতে হবে। এতে মানুষ ঢাকা মুখি না হয়ে নিজ এলাকায় কর্মসংস্থান করতে পারবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কাজের মাধ্যমে প্রত্যেক এলাকায় সাধারণ মানুষের মন জয় করতে হবে। জীবন মান উন্নয়নের মাধ্যমে এ এলাকায় বিএনপির ঘাটিতে রুপান্তর করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন, পুলিশ সুপার জসিম উদ্দীন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মইনুল হাসান সাদিকসহ বিএনপির অঙ্গ সংগঠনের জেলা উপজেলার নেতাকর্মীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত