মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম

মাদারীপুরে যাত্রীবাহী ও তরমুজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল বাগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে তাঁতিবাড়ি এলাকায় আসলে বরিশাল থেকে ছেড়ে আসা তরমুজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির চালকসহ অন্তত ১৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করেন।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, বাস ও ট্রাক সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমান মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত