পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিজের নাম লেখালেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তাকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিয়েছে পেশোয়ার জালমি।
পাকিস্তানের মাটিতে সদ্য সমাপ্ত সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তামিম। একটি আগ্রাসী সেঞ্চুরি ও একটি ফিফটি করে সিরিজ সেরা হওয়ার পরই সাবেক পাক তারকা রমিজ রাজা তাকে পিএসএলে দেখার পূর্বাভাস দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই আভাসই সত্যি হলো।
এবারের পিএসএলে পেশোয়ার জালমিতে তানজিদ সঙ্গী হচ্ছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানার। লাহোর কালান্দার্সে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। এছাড়া রাওয়ালপিন্ডি পিন্ডিজে খেলবেন রিশাদ হোসেন।
উল্লেখ্য, পিএসএলের ১১তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে।
