সৌদি আরবের সঙ্গে মিল রেখে

পিরোজপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) পিরোজপুরের তিন উপজেলার ১০ গ্রামের ৮ শতাধিক পরিবার ঈদ পালন করছেন।

এলাকার ঘুরে দেখা গেছে, শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়াও সকাল সাড়ে ৮টায় মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল-আমি মসজিদে সকাল ৮টায় এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খন্দকার বাড়িতে সকাল ১০টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া ছয় গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার, কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় ৭৫/৮০ পরিবার এবং নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৫০ পরিবার এই ঈদ পালন করছেন।

‎কাউখালী উপজেলার শিয়ালকাঠি মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন মাওলানা মহিউদ্দিন। তিনি বলেন, সকাল ৮টায় আমাদের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবার ঈদের নামাজ আদায় করেছেন। আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করি।

পাশাপাশি নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আল-আমিন জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন মাওলানা কামরুজ্জামান। তিনি বলেন, আমরা শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা ঈদুল ফিতর উদযাপন করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত