আফগান তালেবানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে অভিযোগ তোলা হয়েছে, তাকে ‘হাস্যকর’ ও ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন গাজাব লিল-হাক’ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্তের কোনো লঙ্ঘন পাকিস্তান করেনি।
বিবৃতিতে বলা হয়, আফগান কর্তৃপক্ষের এসব দাবি সম্পূর্ণ মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। মূলত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে বৈধতা দিতেই তালেবান সরকার এ ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। পাকিস্তান আরও ইঙ্গিত দিয়েছে যে, তালেবান প্রশাসনের ভেতরে থাকা কোনো ভিন্নমতাবলম্বী গোষ্ঠী থেকেও এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়ে থাকতে পারে।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর এবং বন্ধুপ্রতিম মুসলিম দেশগুলোর অনুরোধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে জানান, সৌদি আরব, তুরস্ক এবং কাতারের বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্থগিতাদেশ আগামী ২৪ মার্চ ভোররাত পর্যন্ত কার্যকর থাকবে।
পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে যে, অভিযানের এই সাময়িক বিরতি শেষ হওয়ার পর কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যদি কোনো সন্ত্রাসী তৎপরতা বা সীমান্ত পেরিয়ে হামলা চালানো হয়, তবে পাকিস্তান তার কঠোর জবাব দেবে।
উল্লেখ্য, সম্প্রতি সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক টানাপড়েন নতুন মাত্রা পেয়েছে।
সূত্র: জিও নিউজ
