মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান হওয়া না হওয়া এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সম্প্রতি সংবাদমাধ্যম পলিটিকো ইউরোপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, এই যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন। আমি বিশ্বাস করি, যুদ্ধ থামানোর ক্ষমতা এখন যুক্তরাষ্ট্রের হাতে। এটি (শান্তি প্রতিষ্ঠা) সম্ভব, তবে তা নির্ভর করছে দেশটির রাজনৈতিক সদিচ্ছার ওপর।
তিনি আরও উল্লেখ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সংশ্লিষ্ট পক্ষগুলোকে বোঝাতে সক্ষম হন যে যুদ্ধের প্রয়োজনীয়তা শেষ হয়েছে, তবেই এই পরিস্থিতির অবসান ঘটতে পারে।
মধ্যপ্রাচ্যের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দেশের লক্ষ্য সম্পর্কে গুতেরেস বলেন, ইসরায়েলের কৌশল হলো ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা এবং দেশটিতে শাসনব্যবস্থার পরিবর্তন আনা। অন্যদিকে, ইরানের কৌশল হলো যত দীর্ঘ সময় সম্ভব প্রতিরোধ গড়ে তোলা এবং প্রতিপক্ষের সর্বোচ্চ ক্ষতি সাধন করা।
গুতেরেসের মতে, সংকটের মূল সমাধান লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর। তিনি বলেন, সমস্যার সমাধানের চাবিকাঠি হলো যুক্তরাষ্ট্রের এই ঘোষণা দেওয়া যে—তাদের কাজ শেষ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি সংশ্লিষ্টদের আশ্বস্ত করতে পারেন যে লক্ষ্য অর্জিত হয়েছে এবং যুদ্ধের সমাপ্তি টানা সম্ভব, তবেই শান্তি ফিরবে।