ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করায় ক্রমেই একঘরে হয়ে পড়ছে ওয়াশিংটন ও তেল আবিব। একের পর এক দেশ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এমনকি দীর্ঘ পরীক্ষিত মিত্ররাও ইরানের বিরুদ্ধে সহযোগিতা করতে রাজি হচ্ছে না। এবার এই তালিকায় যুক্ত হলো সুইজারল্যান্ড। খবর: আলজাজিরা
সুইজারল্যান্ড শুক্রবার (২০ মার্চ) জানায়, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে তারা যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানির জন্য কোম্পানিগুলোকে লাইসেন্স দেবে না। এক্ষেত্রে দেশটি তাদের দীর্ঘদিনের নিরপেক্ষতার নীতিকে কারণ হিসেবে উল্লেখ করেছে।
শুক্রবার বিবৃতিতে দেশটির সরকার বলেছে, ইরানের সঙ্গে আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে লিপ্ত দেশগুলোতে যুদ্ধাস্ত্র রপ্তানি এই সংঘাত চলাকালীন অনুমোদন করা যাবে না।
এতে আরও বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রে যুদ্ধাস্ত্র রপ্তানির অনুমতি দেওয়া সম্ভব নয়।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ তিন সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে এই ঘোষণা এল। এই যুদ্ধ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে চরম মানবিক সংকট তৈরি করেছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। এর আগে সুইজারল্যান্ড সরকার ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত মার্কিন সামরিক ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।