১৭৫ ডলারে পৌঁছাবে তেলের দাম!

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১২:৩৩ এএম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ে চরম উদ্বেগের কথা জানিয়েছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির আশঙ্কা, তেলের দাম প্রতি ব্যারেল ১৭৫ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। উদ্ভূত এই সংকট মোকাবিলায় ইতোমধ্যেই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্বের অন্যতম বৃহৎ এই এয়ারলাইন্সটি।

ইউনাইটেড এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট কিরবি প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেন, কোম্পানিটি এমন একটি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে তেলের দাম আগামী বছরের শেষ নাগাদ ১০০ ডলারের নিচে নামার কোনো সম্ভাবনা নেই।

কিরবি জানান, গত তিন সপ্তাহে বিমান চলাচলের জ্বালানির (জেট ফুয়েল) দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। বর্তমান এই উচ্চমূল্য অব্যাহত থাকলে ইউনাইটেড এয়ারলাইন্সকে বছরে অতিরিক্ত ১১ বিলিয়ন ডলার খরচ করতে হবে।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় ৭০ ডলার। তবে যুদ্ধের প্রভাবে এই সপ্তাহে তেলের দাম সর্বোচ্চ ১১৯.৫০ ডলারে গিয়ে ঠেকেছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কার কথা জানিয়ে স্কট কিরবি বলেন, আমার মনে হয় পরিস্থিতি হয়তো এতটা খারাপ হবে না। তবে যেকোনো পরিস্থিতির জন্য আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সর্বাধিক পঠিত