ইরানি তেলবাহী ট্যাংকারগুলোর তেল বিক্রি ও খালাসের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এক মাসের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ২০ মার্চের আগে যেসব ট্যাংকারে তেল বোঝাই করা হয়েছে, সেগুলো আগামী ১৯ এপ্রিল পর্যন্ত কেনাবেচা ও খালাস করা যাবে।
শুক্রবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক দফতর (ওএফএসি) এ সংক্রান্ত একটি সাধারণ লাইসেন্স প্রকাশ করেছে।
ট্রেজারি বিভাগের নথি অনুযায়ী, ২০ মার্চ মধ্যরাতের আগে যেসব ট্যাংকারে ইরানি তেল বা পেট্রোলিয়াম পণ্য লোড করা হয়েছে, সেগুলো আগামী ১৯ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিক্রি, সরবরাহ ও আনলোড করার অনুমতি দেওয়া হলো। বিশেষ এই অনুমতির ফলে নির্ধারিত সময়ের মধ্যে এসব কার্যক্রম সম্পন্ন করতে কোনো আইনি বাধা থাকবে না।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই এক মাস তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপদ নোঙর নিশ্চিত করা, ক্রু বা নাবিকদের নিরাপত্তা রক্ষা এবং জাহাজের জরুরি মেরামতের জন্য প্রয়োজনীয় আর্থিক লেনদেন করা যাবে। এছাড়া পরিবেশগত ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ট্যাংকার সংশ্লিষ্ট অন্যান্য সেবামূলক কার্যক্রমও এই অনুমতির আওতায় থাকবে।
বিশেষ এই লাইসেন্সের আওতায় ইরান থেকে উৎপাদিত তেল ও পেট্রোলিয়াম পণ্য যুক্তরাষ্ট্রে সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। তবে উত্তর কোরিয়া, কিউবা এবং রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল যেমন- দোনেৎস্ক, লুহানস্ক ও ক্রিমিয়ার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এই সংক্রান্ত কোনো লেনদেন করা যাবে না।
মূলত সাগরে ভাসমান তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশগত ঝুঁকি এড়াতেই ওয়াশিংটন সাময়িকভাবে এই ছাড় দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
