ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করল সৌদি

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১০:০০ এএম

চলমান হামলার প্রেক্ষিতে ইরানি সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করল সৌদি আরব। শনিবার (২১ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিংডম ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে সৌদি আরব তার নিজস্ব ভূখণ্ড, জিসিসি (GCC) রাষ্ট্রসমূহ এবং বেশ কিছু আরব ও ইসলামি দেশগুলোকে লক্ষ্য করে ইরানের  ‘নির্লজ্জ এবং বারবার হামলা’র তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, সৌদি সার্বভৌমত্ব, বেসামরিক অবকাঠামো, অর্থনৈতিক স্বার্থ এবং কূটনৈতিক চত্বর লক্ষ্য করে ইরানের এই ধারাবাহিক আক্রমণ আন্তর্জাতিক আইন, প্রতিবেশীসুলভ আচরণের নীতি, বেইজিং চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২৮১৭ (২০২৬)-এর একটি স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এই ধরনের পদক্ষেপ ইরান যে নীতিগুলো মেনে চলার দাবি করে তার পরিপন্থী। এই অব্যাহত আগ্রাসন বর্তমান এবং ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে পুনরায় জোর দিয়ে বলা হয়েছে যে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সৌদি আরব তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূখণ্ড, আকাশসীমা, নাগরিক, বাসিন্দা এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে গত বুধবার কাতারও একই ধরনের পদক্ষেপ নেয়। রাজধানী দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশের পাশাপাশি তাদের কর্মীদেরও অবাঞ্ছিত ঘোষণা করে দেশটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত