বান্দরবানের পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ রবিবার (২২ মার্চ) ভোর সাড় ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘সৌদিয়া পরিবহন’ এর একটি বাস ৪৩ জন যাত্রী নিয়ে বান্দরবান ভ্রমণে আসছিল। পর্যটকদের নিয়ে বাসটি যখন সদর উপজেলার সুয়ালক এলাকার আঁকাবাঁকা পাহাড়ি পথ অতিক্রম করছিল, তখন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন।
ভোরবেলায় এই দুর্ঘটনার পরপরই সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইক থেকে এলাকাবাসীকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করতে শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, বাসে থাকা পর্যটকদের প্রায় সবাই কমবেশি আঘাত পেয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ভাগ্যক্রমে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, ভোরে বাসটি খাদে পড়ে যাওয়ার খবর পেয়েই পুলিশ উদ্ধার অভিযানে নামে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
পাহাড়ি আঁকাবাঁকা ও ঢালু সড়কে চলাচলের সময় চালকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ। বিশেষ করে ভোরের দিকে কুয়াশা বা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। পর্যটন মৌসুমে এই ধরনের দুর্ঘটনা এড়াতে দক্ষ চালক এবং বাসের ফিটনেস নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।