ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঈদের রাতে পথ চলতে গিয়ে মোবাইল ফোনের আলো চোখে পড়ায় হামলায় মো. মুসাব্বির প্রকাশ বাবলু নামে এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায় শনিবার (২১ মার্চ) রাতে হামলার এ ঘটনায় আরও দুইজন আহত হন।
নিহত মুসাব্বির বড়নগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
আহতরা হলেন মাসাকিন ও সুজন। এছাড়া অভিযুক্তরা হলেন বড়নগর গ্রামের তাকবির ও তানভীর।
বিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হামলার ঘটনায় মুসাব্বিরের আরো দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়া গুরুতর আহত হয়েছেন।
হাসপাতালে ভর্তি আহত মাসাকিন ও সুজন জানান, শনিবার মুসাব্বির তার বন্ধুদের নিয়ে ঘুরাফেরা করছিলেন। সন্ধ্যায় বড়নগর গোজিয়াখাই এলাকা অতিক্রম করার সময় অন্ধকার পথ চলতে গিয়ে মোবাইল ফোনের টর্চলাইটের আলো জ্বালায় সে। এ সময় সড়কের পাশে বসা তাকবির, তানভীরসহ তাদের বন্ধুদের চোখে লাইটের আলো পড়ে। এনিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। রাতে মুসাব্বির ফের কয়েকজন বন্ধু নিয়ে গোজিয়াখাই এলাকার গিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের ছুকিঘাতে তারা তিনজন আহত হন। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন মুসাব্বিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতাবস্থায় মাসাকিন ও সুজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে জানতে একাধিকবার তাকবির ও তানভীরকে কল দিয়েও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। কিভাবে কি ঘটেছে সেটি জানার চেষ্টা চলছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
