ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ সাত দিনের বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সারাদেশে আবারও স্বাভাবিক কর্মতৎপরতা শুরু হয়েছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, বীমা ও পুঁজিবাজারের কার্যক্রমও একযোগে চালু হয়েছে।
এ বছর ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে মোট সাত দিন করা হয়েছিল। গত ১৭ মার্চ শবে কদরের ছুটি থেকে এই দীর্ঘ ছুটির শুরু হয়। মাঝে ১৮ মার্চ একটি কর্মদিবস থাকলেও নির্বাহী আদেশে সেটি ছুটি ঘোষণা করায় টানা সাত দিন পর আজ অফিস খুলল। সোমবার (২৩ মার্চ) ছিল এই ছুটির শেষ দিন।
রমজান পরবর্তী স্বাভাবিক সময়সূচি অনুযায়ী মঙ্গলবার থেকে সরকারি অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
অফিস খোলার প্রথম দিনে কাজের চেয়ে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কুশলাদি আদান-প্রদানই বেশি প্রাধান্য পাচ্ছে। ফলে অফিসগুলোতে এখনও ঈদের আমেজ বিরাজ করছে।
আর্থিক প্রতিষ্ঠানগুলোও আজ থেকে তাদের নিয়মিত সময়সূচিতে ফিরেছে। ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন শুরু হয়েছে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এদিকে পুঁজিবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং অফিসিয়াল কার্যক্রম চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
