পরিবারের সঙ্গে ঈদ উদযাপন থেকে বঞ্চিত প্রবীণ ও এতিম শিশুদের একত্র করে একটি বিশেষ উৎসবের আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত একটি প্রবীণ নিবাসে এ আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রবীণ ও এতিম শিশুরা একে অপরের সঙ্গে বিভিন্ন খেলাধুলা, আড্ডা ও গল্পে মেতে উঠে ঈদের আনন্দ উপভোগ করেন। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে এতিম শিশুদের ঈদ উপহার হিসেবে স্কুলব্যাগ ও ড্রয়িং সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি প্রবীণ নিবাসে বসবাসরত প্রবীণদের জন্য দেওয়া হয় ঈদ পোশাক।
এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিবছরই আমরা ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনটি করে আসছি। এবারের ঈদ ফর অল উদ্যোগের মাধ্যমে প্রবীণ এবং এতিম শিশুদের একত্র করে তাদের ঈদের আনন্দ উদযাপনের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।’