চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোর সময় পেছন থেকে মাইক্রোবাসের ধাক্কায় রনজিত ধর (৫৫) ও বাবুল দে প্রকাশ বালি (৬০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় জেরিন আফরোজ, দিলীপ মল্লিক, টিকলু বিশ্বাস, মো. ইহসান ও মশিউর রহমানসহ ৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত রনজিত ধর দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন ধরের ছেলে এবং বাবুল দে প্রকাশ বালি একই এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে।
জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে নিহত রনজিত ধর ও বাবুলসহ আরও দুই ব্যক্তি দোহাজারীর দিকে যাওয়ার জন্য মহাসড়কের ওপর দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামলে তারা সেটিতে উঠার পরপরই পেছন থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়িতে থাকা সকলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। এদের মধ্যে চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
