'ঈশ্বরের সন্ধান'ই বদলে দিয়েছে ক্যাসপার হগের গোল করার ক্ষমতা

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম

ডেনমার্কের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় থাকা বোডো/গ্লিম্ট স্ট্রাইকার ক্যাসপার হগ এক চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন। বৃহস্পতিবার রাতে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচের আগে তিনি জানিয়েছেন, তার সাম্প্রতিক দুর্দান্ত ফর্মের পেছনে মূল চাবিকাঠি হলো 'ঈশ্বরের সান্নিধ্য লাভ'।

অবিশ্বাস্য উত্থান

মাত্র কয়েক বছর আগেও ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার ডেনমার্কের দ্বিতীয় স্তরের লিগের ক্লাব এএবি-তে ব্রাত্য হয়ে পড়েছিলেন। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বর্তমানে তিনি নরওয়েজীয় ক্লাব বোডো/গ্লিম্টের হয়ে চ্যাম্পিয়নস লিগে ইউরোপের সেরা ক্লাবগুলোর বিপক্ষে গোল করে চলেছেন। তার এই ধারাবাহিক পারফরম্যান্সের ওপর ভর করেই ক্লাবটি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছিল।

ক্যাসপার হগ সম্প্রতি বোডোর হয়ে দারুণ সব গোল করেন

ব্যক্তিগত পরিবর্তন ও ধর্মবিশ্বাস

নিজের এই আমূল পরিবর্তনের কারণ হিসেবে হগ বলেন, "আমি ঈশ্বরের সন্ধান পেয়েছি। আজ আমি যেখানে বসে আছি, তার মূল কারণ এটিই—আর এর জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।"

অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, "এটি মূলত আত্মউপলব্ধির বিষয়। আমি এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। আমি বুঝতে পেরেছি অতীতে যা ঘটেছিল তার জন্য আমি নিজেই দায়ী ছিলাম। ২০২২ সালের আগস্টে মাথায় আঘাত পাওয়ার পর থেকেই আমার জীবনের নতুন এক যাত্রা শুরু হয়।"

২০২৪ সালের শুরুতে বোডো/গ্লিম্টে যোগ দেওয়ার পর ডেনমার্কের তৎকালীন সতীর্থ আলবার্ট গ্রনবেকের অনুপ্রেরণায় খ্রিস্টধর্মের প্রতি আগ্রহী হন হগ। তিনি জানান, "আমি এক ধরনের অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেয়েছি। শুরুতে আমি একটি বাইবেল কিনে তা পড়া শুরু করি এবং জীবনের অনেক কিছু বোঝার চেষ্টা করি। আমি এবং গ্রনবেক যখন একসাথে থাকতাম, তখন আমরা নিয়মিত বাইবেল পাঠ করতাম এবং প্রার্থনা করতাম।"

হগের মতে, ধর্মবিশ্বাস তাকে একজন মানুষ হিসেবে শতভাগ বদলে দিয়েছে। তিনি এখন জানেন কখন নিজেকে সংযত রাখতে হয় এবং কখন মাঠের খেলায় পূর্ণ মনোযোগ দিতে হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত