ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই অভিযোগ করেছেন, পুরস্কার বিজয়ী পরিচালক আব্বাস কিয়ারোস্তামির বাড়িতে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনার বিষয় আবারও প্রত্যাখ্যান করেছেন তিনি।
বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এসমাইল বাকাই লিখেছেন, প্রখ্যাত ইরানি পরিচালক আব্বাস কিয়ারোস্তামির কথা মনে আছে, যিনি ১৯৯৭ সালের কান চলচ্চিত্র উৎসবে মাস্টারপিস ‘টেস্ট অব চেরি’-র জন্য পালম দো’অর জিতেছিলেন? তার বাড়িটিও যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনকারীদের বোমা থেকে রক্ষা পায়নি।
এরপর তিনি লেখেন, কিয়ারোস্তামির বাড়ি কি যুক্তরাষ্ট্রের প্রতি কথিত ‘আসন্ন হুমকি’র অংশ ছিল? সত্যিটা হলো, এই যুক্তরাষ্ট্র-ইসরায়েলি খামখেয়ালিপনার যুদ্ধ শুধু একটি রাষ্ট্রের বিরুদ্ধে নয়-এটি গভীরভাবে প্রোথিত একটি সংস্কৃতি, সভ্যতা এবং পরিচয়ের বিরুদ্ধেও (যুদ্ধ)।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন। ইন্ডিয়া টুডেকে তিনি বলেছেন, আমরা গতকালই স্পষ্ট করে দিয়েছি যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা বা সমঝোতা হচ্ছে না।
তিনি আরও বলেন, আমি বলবো, যুক্তরাষ্ট্রের কূটনীতি নিয়ে আমাদের অত্যন্ত বিপর্যয়কর এক অভিজ্ঞতা হয়েছে।....পারমাণবিক সমস্যা সমাধানের জন্য আমরা যখন একটি আলোচনা প্রক্রিয়ার মধ্যে ছিলাম, তখন নয় মাসের ব্যবধানে ইরানের ওপর দুইবার হামলা চালানো হয়।
ইরান ‘যুক্তরাষ্ট্রের কূটনীতিকে বিশ্বাস করতে পারে না’ মন্তব্য করে ইসমাইল বাকাই আরও বলেন, বাস্তবতার দিকে তাকান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে ইরান। তাই তাদের কূটনীতি ও মধ্যস্থতার দাবি বিশ্বাসযোগ্য নয়। কারণ, তারাই এই যুদ্ধ শুরু করেছে এবং ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
