হাইভোল্টেজ প্রীতি ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, কঠিন প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও তিনি তার আক্রমণাত্মক পরিকল্পনা থেকে সরছেন না। ফরাসিদের রুখতে চার ফরোয়ার্ডের রণকৌশল নিয়েই মাঠে নামবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে আনচেলত্তি স্পষ্ট করেছেন যে, কেবল আক্রমণ করলেই হবে না, রক্ষণভাগকেও সমান সজাগ থাকতে হবে। তিনি বলেন, "গত কয়েক মাস ধরে আমি দলের খেলোয়াড়দের বৈশিষ্ট্য অনুযায়ী সেরা গেম মডেল নিয়ে ভেবেছি। আমরা চারজন ফরোয়ার্ড নিয়ে খেলার পরিকল্পনা করেছি। তবে কালকের ম্যাচে আমাদের প্রধান লক্ষ্য হবে খেলায় নিয়ন্ত্রণ রাখা এবং দারুণভাবে রক্ষণ সামলানো। চার ফরোয়ার্ডের যে কোয়ালিটি আছে, সেটির প্রতিফলন ঘটাতে হলে দলে ভারসাম্য থাকা খুব জরুরি।"
এমবাপ্পে ভীতি ও ফরাসি শক্তি
প্রতিপক্ষ ফ্রান্স সম্পর্কে আনচেলত্তির মূল্যায়ন বেশ উচ্চ, "ফ্রান্স একটি মানসম্পন্ন দল। প্রতিটি বিভাগেই তাদের গুণমান আছে। তাদের আক্রমণে ধার আছে, গতি আছে। জাতীয় দলের জন্য ভারসাম্যের সাথে খেলাটা খুব জরুরি। তবে আমরা আমাদের দলের শক্তির ওপরও মনোনিবেশ করছি, যা অনেক বেশি। ব্রাজিল যেমন বল দখলে রেখে খেলতে পারে, তেমনি কাউন্টার-অ্যাটাকে (প্রতি-আক্রমণ) গিয়েও খুব ভালো খেলতে পারে।" এমবাপ্পেকে নিয়ে তিনি বলেন, ''এমন খেলোয়াড় যাদের সবাই চেনে। অত্যন্ত শক্তিশালী এবং মানসম্পন্ন খেলোয়াড়। এমবাপ্পে গত বছর অনেক গোল করেছে। এখন সে একজন প্রতিপক্ষ। আমাদের তার বিপক্ষে খুব ভালোভাবে ডিফেন্ড করতে হবে। সে অত্যন্ত দ্রুতগতির একজন খেলোয়াড়, যার ফিনিশিং খুবই কার্যকর।"
দলের ইনজুরি ও স্কোয়াড আপডেট
ম্যাচের আগে ব্রাজিল শিবিরে কিছুটা দুঃসংবাদ রয়েছে। অভিজ্ঞ ডিফেন্ডার মার্কুইনহোস উরুর পেশির টানের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না। এছাড়া চোট সমস্যার কারণে নেই নেইমারও। তবে গ্যাব্রিয়েল সারার মতো নতুন মুখদের বহুমুখী প্রতিভা নিয়ে আশাবাদী কোচ। ডিফেন্স লাইনে লিও পেরেইরা, ব্রেমার এবং ইবানেজদের পরখ করে দেখছেন তিনি, যাদের মধ্যে চার বা পাঁচজন বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাবেন।
গোলরক্ষক ও বিশ্বকাপ প্রস্তুতি
গোলপোস্টের নিচে কে থাকবেন, তা নিয়ে এখনই কোনো ইঙ্গিত দিতে রাজি হননি আনচেলত্তি। তবে তিনি জানিয়েছেন, মে মাসের মধ্যে তিনজন গোলরক্ষকের নাম চূড়ান্ত করে ফেলবেন তিনি। বর্তমান ব্যস্ত সূচি ও অনুশীলনের কম সময় নিয়ে তিনি বলেন, "আধুনিক ফুটবলে কোচদের প্রস্তুতির জন্য সময় খুব কম থাকে। তাই আমাদের প্রশিক্ষণের গুণগত মান ও সভার ওপর বেশি গুরুত্ব দিতে হচ্ছে।"
নেইমারের অনুপস্থিতি ও সমালোচনা প্রসঙ্গে
নেইমারকে কেন দলে রাখা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে ইতালিয়ান কোচ বলেন, ‘আমি সব দেখছি, সব শুনছি। কিন্তু আমার কাজ হলো সিদ্ধান্ত নেওয়া। এটা স্বাভাবিক যে সবার নিজস্ব মতামত থাকবে, কারণ ফুটবল কোনো বিশ্ববিদ্যালয় নয়... ফুটবল কোনো ধ্রুব বিজ্ঞান নয়। প্রত্যেকের মতামতের প্রতি আমার সম্মান আছে, কিন্তু দলের প্রয়োজনে আমাকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’
'ঈশ্বরের সন্ধান'ই বদলে দিয়েছে ক্যাসপার হগের গোল করার ক্ষমতা