ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল থেকে বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বুধবার জলপাইগুড়ি জেলায় দুটি ও দার্জিলিং জেলায় একটি জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল ‘সুপ্রিমো’ মমতা। ওই জনসভা থেকে বিজেপিকে ‘রাজনৈতিকভাবে অন্ধ’ বলে মন্তব্য করেন তিনি। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৯৪ আসনে ভোটগ্রহণ হবে। ২০২১ সালের নির্বাচন হয়েছিল আট দফায়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ময়নাগুড়ির সভা থেকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল ও দেশের শাসক দল বিজেপি ছাড়াও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির পক্ষে পক্ষপাতের অভিযোগ তোলেন মমতা। অন্যদিকে, নন্দীগ্রামের জনসভা থেকে একই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের আগেই প্রচার শুরু করেছিল বিজেপি ও সিপিআই (এম)। গতকাল দিনে পূর্ব মেদিনীপুরের রামনগরে একটি কর্মিসভায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে নারী সুরক্ষার অবনতির অভিযোগ তুলে ধরে তৃণমূল কংগ্রেসের সরকারকে দায়ী করেছেন।