দুর্নীতির কারণে দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের মানচিত্র আর পতাকার হাত ধরে বাংলাদেশ বদলে যাওয়ার কথা ছিল। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে দুর্নীতি আর অযোগ্যতার কারণে তা সম্ভব হয়নি। দুবার স্বাধীনতা অর্জন করেও নেতৃত্বের ব্যর্থতা, লোভ ও দুর্নীতির কারণে এ ভূখ-ের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। দুর্নীতি শুধু টাকা-পয়সার মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের অধিকার কেড়ে নিলেও এটি দুর্নীতি।
গতকাল বুধবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, হাফেজ রাশেদুল ইসলাম এমপি প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতি ও অযোগ্য নেতৃত্ব যতক্ষণ সমাজ থেকে দূর হবে না, ততক্ষণ এ দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে না। শাসক বদলেছে, কিন্তু শাসকের শাসন করার ধারা বদলায়নি।
এ নির্বাচনের ফল নিয়ে আমাদের অনেক কষ্ট আছে, তবে দেশটি গণতান্ত্রিকভাবে সামনের দিকে চলুক; আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
