লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলারডুবি, দুজনের লাশ উদ্ধার

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ এএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি এলাকায় লোহালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রলারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। রেজাউল রাঙ্গাবালী উপজেলার চরলাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ছেলে এবং নাছির ফকির একই উপজেলার চরবিষ্টন এলাকার আব্দুল ফকিরের ছেলে। দুজনই পেশায় শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন তরমুজ চাষি রাঙ্গাবালী থেকে তরমুজ বোঝাই একটি ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। একই সময় ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ভোর ৪টার দিকে বামনিকাঠি এলাকা অতিক্রমকালে লোহালিয়া নদীতে নোঙর করা তরমুজ বোঝাই ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই নদীতে ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারের ভেতরে চাষী ও শ্রমিকসহ ৬ জন ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও রেজাউল ও নাছির ট্রলারের ভেতরে আটকে পড়ে মারা যান।

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার স্টেশনের ডুবুবি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পটুয়াখালী ফায়ার স্টেশনের টিম লিডার মজিবর রহমান জানান, ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ১২টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত এবং ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

 বাউফলের কালাইয়া বন্দর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন বলেন, ‘দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত