যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
অভিনন্দন বার্তায় রাজা চার্লস বলেন, আপনাদের জাতীয় দিবসের এই আনন্দময় মুহূর্তে আমি ও আমার স্ত্রী রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি দুই দেশের মধ্যকার চিরস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করেন, যা কমনওয়েলথকে সংজ্ঞায়িত করা অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিষ্ঠিত।
ব্রিটেনের রাজা উল্লেখ করেন, যুক্তরাজ্যজুড়ে ছয় লাখ পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন, যারা দেশটির জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং দুই দেশের মধ্যকার চিরস্থায়ী সম্পর্ককে আরও শক্তিশালী করছেন।
তিনি বিশ্বজুড়ে বোঝাপড়া, সহযোগিতা এবং সুযোগ তৈরিতে কমনওয়েলথ পরিবারের ভূমিকার কথা স্মরণ করেন এবং এ জন্য গর্ববোধ প্রকাশ করেন। রাজা চার্লস বলেন, কমনওয়েলথের সমৃদ্ধ বৈচিত্র্য এবং এর তরুণ প্রজন্মের উদ্যম আশা ও অগ্রগতির অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। এই বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে সম্মিলিত শক্তি ও ঐক্য আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে দেশগুলোর একত্রিত হওয়ার সুযোগের জন্য উন্মুখ থাকার কথাও জানান তিনি। জলবায়ু কার্যক্রমে দুই দেশের সহযোগিতা সম্পর্কের একটি অপরিহার্য বৈশিষ্ট্য উল্লেখ করে রাজা চার্লস বাংলাদেশের দৃঢ় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
বার্তার শেষে তিনি রাষ্ট্রপতি ও বাংলাদেশের সকল মানুষের জন্য আগামী বছরটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হোক এই কামনা জানিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান।
