ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের বিশাল অর্থের হাতছানি নাকি দেশের হয়ে সাদা পোশাকের টেস্ট মর্যাদা—কোনটি বড়? অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের সাম্প্রতিক এক মন্তব্য এই বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। কামিন্স জানিয়েছেন, তার দলের নিয়মিত টেস্ট ক্রিকেটাররা প্রায় ৫ লাখ পাউন্ডের (৮ কোটি ১৭ লক্ষ টাকা) প্রস্তাব ফিরিয়ে দিয়ে আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের নিলামে এবার অস্ট্রেলিয়ার বড় তারকাদের নাম দেখার অপেক্ষায় ছিল আয়োজকরা। কিন্তু স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক কিংবা কামিন্সের মতো নিয়মিত টেস্ট খেলোড়দের কেউই নিলামে নাম লেখাননি। এর মূল কারণ আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজ।
‘বিজনেস অফ স্পোর্ট’ পডকাস্টে কামিন্স বলেন, ‘আমাদের ছেলেরা মাত্র ২০ দিনের কাজের বিনিময়ে অর্ধ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে শুধু বাংলাদেশের বিপক্ষে এই দুটি টেস্ট খেলার জন্য। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও টেস্টের মধ্যে এই টানাপোড়েন অনেকদিন ধরেই ছিল, তবে এখন তা চরম পর্যায়ে পৌঁছেছে।’
আগামী ১৩ থেকে ২৬ আগস্ট অনুষ্ঠিতব্য এই সিরিজটি বেশ কয়েকটি কারণে ঐতিহাসিক। ২০০৩ সালের পর এই প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ দল। প্রথাগত ক্রিকেট মৌসুমের বাইরে হওয়ায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডারউইন ও ম্যাকায়তে। ডারউইনে ২০০৪ সালের পর এই প্রথম কোনো টেস্ট ম্যাচ হতে যাচ্ছে, আর ম্যাকায়েতে প্রথমবারের মতো দেখা যাবে লাল বলের আন্তর্জাতিক ম্যাচ।
বর্তমানে ইনজুরি কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা কামিন্স জানিয়েছেন, আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া আইপিএলের প্রথমদিকের ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন না। অ্যাশেজ সিরিজের সময় পিঠের ইনজুরিতে পড়া এই পেসার পুরোপুরি ফিট হয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে চান। কামিন্স আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। অন্যদিকে দ্য হান্ড্রেডেও একই মালিকানাধীন দল ‘সানরাইজার্স লিডসে’ খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন।
ইংল্যান্ডের একশ বলের এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার সাদা বলের স্পেশালিস্ট টিম ডেভিড, মিচেল মার্শ এবং অ্যাডাম জাম্পারা ঠিকই চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন নিয়মিত টেস্ট খেলে যাওয়া ক্রিকেটাররা। কামিন্সের মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আকাশচুম্বী চাহিদার মাঝে সেরা খেলোয়াড়দের ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ।
এমবাপ্পে বনাম ভিনিসিয়ুস দ্বৈরথে জয়ী 'কচ্ছপ'
পিএসএলে টসের ফলাফল দেখে একাদশ নির্ধারণের নতুন নিয়ম!