অসময় বৃষ্টি ও কম দামে আলু বিক্রি করতে বাধ্য হওয়ায় বগুড়াসহ উত্তরাঞ্চলের আলু চাষীরা চরম সংকটে পড়েছেন বলে দাবি করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। এর প্রতিবাদে সংগঠনটির বগুড়া জেলা শাখার উদ্যোগে শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।
সমাবেশে বক্তারা বলেন, অসময়ে বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আলুক্ষেত পানিতে তলিয়ে গিয়ে কৃষকরা নতুন করে বিপাকে পড়েছেন। বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর ও পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় নিচু জমির আলুক্ষেত পানিতে তলিয়ে থাকায় অনেক আলু পচে নষ্ট হচ্ছে। বিশেষ করে যেসব জমিতে এখনও আলু উত্তোলন শেষ হয়নি, সেসব খেতে ক্ষতির পরিমাণ বেশি।
তারা বলেন, শিলাবৃষ্টির কারণে দেরিতে লাগানো আলুর গাছও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষকরা ফলন ও ন্যায্য মূল্য দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থায় দ্রুত সরকারি সহায়তা এবং বাজার ব্যবস্থাপনায় সরকারের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
অবিলম্বে স্বল্পমূল্যে ভেজালমুক্ত সার, বীজ ও কীটনাশক প্রকৃত কৃষকদের কাছে সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ, ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণ দেওয়া এবং সরকারি উদ্যোগে প্রয়োজনীয় হিমাগার নির্মাণের দাবি জানান বক্তরা।
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি কৃষক নেতা মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল বর্মনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সদস্য সচিব অ্যাডভোকেট দিলরুবা নূরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুল, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সদস্য শাহজাহান আলী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি নিয়তি সরকার নিতুসহ অন্যান্য নেতারা।
