সংগীতশিল্পী শুভ সম্প্রতি অস্ট্রেলিয়ায় তার তিনটি নতুন মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন করেছেন। মিউজিক ভিডিওগুলোর শুটিং হয়েছে অস্ট্রেলিয়ার অপেরা হাউজ, হারবার ব্রিজ এবং বিভিন্ন দর্শনীয় লোকেশনে। গানগুলো হলো ‘তোর মায়াবী চোখ’, ‘তোকে ভালোবাসি’ এবং ‘তোমাকে দেখে ভালো লেগেছিল সত্যি।’ গানের কথা লিখেছেন তাহামিদুল ও শুভ, আর সুর ও মিউজিক করেছেন কাউসার খান। অস্ট্রেলিয়া থেকে শুভ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার চমৎকার লোকেশনে কাজ করেছি। আশা করি দর্শকদের ভালো কিছু দিতে পারব।
আমার প্রডিউসার তাহামিদুল ভাইয়ের জন্যই সব সম্ভব হয়েছে। বিগ বাজেটের কাজ করতে পেরে খুব আনন্দিত।’ শুভের সঙ্গে ভিডিওতে পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার বাঙালি মেয়ে প্রিয়তা। শুভ বলেন, ‘প্রিয়তা খুব ভালো অভিনয় করেছে। দর্শকরা তাকে ভীষণভাবে পছন্দ করবে।’ প্রযোজক তাহামিদুল বলেন, ‘আমি অস্ট্রেলিয়ায় একজন ব্যবসায়ী হলেও বাংলা গান, নাটক এবং সিনেমাকে খুব ভালোবাসি। প্রতিবছর আমি বাংলাদেশি সেলিব্রিটিদের নিয়ে নানা প্রোগ্রাম করি। এবার অস্ট্রেলিয়া থেকে শুটিং শুরু করেছি। সামনের দিকে বাংলা সিনেমা, নাটক ও গান নিয়ে কাজ চালিয়ে যাব। আমি চাই বাংলাদেশকে ইন্টারন্যাশনালভাবে উপস্থাপন করতে।’ মিউজিক ভিডিওগুলো পরিচালনা করেছেন রহমত উল্লাহ এবং সিনেমাটোগ্রাফি করেছেন শিমুল। গানগুলো খুব শিগগিরই টি আই অরিজিনালস ব্যানারে রিলিজ পাবে।