গত বছর সাদা পোশাকের ক্রিকেটকে হুট করে বিদায় জানিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন বিরাট কোহলি। তবে আইপিএলের নতুন মৌসুমে তার বিধ্বংসী ব্যাটিং দেখে ভক্ত ও বিশ্লেষকদের মনে একটাই দাবি—বিরাটকে আবারও টেস্টে ফিরতে হবে। সাবেক ভারতীয় ব্যাটার আম্বাতি রাইডু তো আরও এক ধাপ এগিয়ে বলছেন, শুধু ফেরানোই নয়, কোহলিকে আবারও টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া উচিত।
ইএসপিএন ক্রিকইনফোর ‘টাইম আউট’ শোতে রাইডু বলেন, “আমার মনে হয় আইপিএলে কোহলির সেরা পারফরম্যান্সের এখনো বাকি। এখন যা দেখছি, সেটা কেবল ট্রেলার। তার ফিটনেস নিয়ে কখনোই কোনো সংশয় ছিল না। মাঠের ফিল্ডিং বা বলের গতির সাথে মানিয়ে নেওয়া—সবকিছুই এখনো বিশ্বমানের। আমি মনে করি, কোহলি আরও পাঁচ-ছয় বছর ক্রিকেট খেলে যাবে।”
রাইডু মনে করেন, টেস্টে ভারতের সেরা অধিনায়ক কোহলিই। বিসিসিআইকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিরাটের টেস্টে ফেরা উচিত এবং সেটা অধিনায়ক হিসেবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) জেতার চ্যালেঞ্জ তাঁর সামনে থাকলে তিনি আরও ক্ষুধার্ত হয়ে উঠবেন। নেতৃত্বের দায়িত্বই তাকে আবার সাদা পোশাকে সেরাটা দিতে উদ্বুদ্ধ করবে।”
বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর ১২৩ ম্যাচে ৯২৩০ রান নিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান কোহলি। মাত্র ৭৭০ রানের জন্য ১০ হাজারি ক্লাবে ঢোকা হয়নি তাঁর। তবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে সেঞ্চুরি এবং আইপিএলের ফর্মে রাইডু মনে করছেন, এই কোহলিকে টেস্টে না পাওয়া ভারতীয় ক্রিকেটের জন্য বড় ক্ষতি।
৩৭ বছর বয়সী কোহলি অবশ্য এর আগে জানিয়েছিলেন, আপাতত ওয়ানডে এবং ঘরোয়া টি-টোয়েন্টিতেই মনোনিবেশ করতে চান তিনি। তবে রাইডুর এই প্রস্তাব বিসিসিআই এবং খোদ কোহলি ভেবে দেখেন কি না, সেটাই এখন দেখার বিষয়।