বল টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে ফখর জামান, অভিযোগ অস্বীকার

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের শুরুতেই বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে বল টেম্পারিং ঘিরে। গতকাল রবিবার লাহোর কালান্দার্স ও করাচি কিংসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অভিযুক্ত করা হয়েছে লাহোরের তারকা ব্যাটার ফখর জামানকে। তবে ফখর তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

করাচি কিংসের ইনিংসের শেষ ওভারের ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ফখর জামান, হ্যারিস রউফ এবং অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি নিজেদের মধ্যে গভীর আলোচনায় মগ্ন। ঠিক সেই মুহূর্তেই অনফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি বলটি পরীক্ষা করার জন্য তলব করেন। বলের অবস্থা অস্বাভাবিক মনে হওয়ায় আম্পায়াররা তাৎক্ষণিকভাবে লাহোরকে ৫ রান পেনাল্টি করেন এবং শেষ ওভারের আগে বলটি বদলে দেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ম্যাচ রেফারি রোশান মহানামা ফখর জামানের বিরুদ্ধে পিএসএল আচরণবিধির ২.১৪ অনুচ্ছেদ অনুযায়ী ‘লেভেল-৩’ পর্যায়ের অপরাধের অভিযোগ এনেছেন। এই আইন অনুযায়ী, আম্পায়ারদের না জানিয়ে বলের অবস্থা পরিবর্তন করা একটি দণ্ডনীয় অপরাধ। যদি দোষ প্রমাণিত হয়, তবে ফখর জামান এবং লাহোর কালান্দার্স নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ম্যাচ রেফারি রোশান মহানামার অধীনে অনুষ্ঠিত প্রাথমিক শুনানিতে ফখর জামান তার বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। পিসিবি জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে ম্যাচ রেফারি তার চূড়ান্ত রায় প্রদান করবেন। পিএসএল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, প্রথমবার এই ধরনের অপরাধের জন্য সর্বনিম্ন এক ম্যাচ এবং সর্বোচ্চ দুই ম্যাচের নিষেধাজ্ঞার বিধান রয়েছে।

এই ঘটনায় তাৎক্ষণিক শাস্তি হিসেবে লাহোর কালান্দার্সকে ৫ রানের পেনাল্টি দেওয়ায় করাচি কিংসের জয়ের সমীকরণ অনেক সহজ হয়ে যায়। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। অলরাউন্ডার আব্বাস আফ্রিদি হ্যারিস রউফকে একটি চার ও একটি ছক্কা মেরে করাচির জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে অবশ্য পেনাল্টি নিয়ে বিস্ময় প্রকাশ করে লাহোর অধিনায়ক শাহীন আফ্রিদি বলেন, ‘আম্পায়াররা কেন এটা করলেন, তা আমাদের দেখতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত