‘সাবিনা, তোমার মাঠের দাবিটা আলমোস্ট ডান’

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৪:১২ পিএম

নতুন প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে উৎসাহিত করতে এবং খেলাধুলাকে পেশা হিসেবে মর্যাদা দিতে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি বিভিন্ন অঙ্গনের খেলোয়াড়দের বক্তব্য ও দাবি-দাওয়া মনযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।

আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাফজয়ী সাবিনা খাতুন তার বক্তব্যে বলছিলেন, ‘স্পোর্টস অনেক এগিয়ে যাচ্ছে। ফুটসাল প্রথমবার খেলতে গিয়েছিলাম, আমরা ভালো ফলাফল করেছি। বাংলাদেশে ভালো ফুটসাল গ্রাউন্ড নাই, আমাদের জন্য মাঠের ব্যবস্থা করেন।’

সাবিনার এই দাবির পরই প্রধানমন্ত্রী বলেন, ‘সাবিনা, তোমার যে মাঠের দাবিটা, এটা আমরা প্রক্রিয়া শুরু করেছি। মোটামুটিভাবে শেষ হয়ে আসছে কাজটা। মেয়েরা যেন প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে সেটা মাঠ মোটামুটি সিলেকশন হয়েছে। আলমোস্ট ডান।’

উল্লেখ্য, অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ১২৯ জন ক্রীড়াবিদকে মোট ২ কোটি ৪৪ লক্ষ টাকার বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী ঘোষণা করেন, এখন থেকে তালিকাভুক্ত ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি মাসে ১ লক্ষ টাকা করে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদেরও এই সম্মানী ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া কাঠামোর আওতায় আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত