সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে নেপালকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি সঙ্গী করেই আজ বিকাল ৫টায় মালদ্বীপের মালেতে চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আবারও নেপালের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দল। লক্ষ্য একটাই—ফেভারিট নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখা।
বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপাল দুইবার চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশ শিরোপা জিতেছে একবারই, তাও গত আসরে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় আর ভারতের বিপক্ষে ড্র করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ থেকে গোল ব্যবধানে পিছিয়ে রানার্স-আপ হয়ে শেষ চারে এলেও মাঠের পারফরম্যান্সে যুবারা আত্মবিশ্বাসী। অন্যদিকে, নেপাল গ্রুপ ‘এ’ থেকে ৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সেমিতে উঠেছে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে গতকাল মঙ্গলবার প্রস্তুতির চূড়ান্ত ধাপ সম্পন্ন করেছে বাংলাদেশ দল। দলের টেকনিক্যাল স্টাফ ও কোচিং ইউনিট খেলোয়াড়দের কৌশলগত পরিকল্পনা ও ম্যাচ পরিস্থিতি মোকাবিলায় নিবিড় প্রশিক্ষণ দিয়েছে। কোচ মার্ক কক্স বলেন, ‘রিকভারির জন্য আমরা যে কদিন সময় পেয়েছি, তার মধ্যেই প্রস্তুতি সেরে নিয়েছি। স্কোয়াডের ২২ জন ফুটবলারের ওপরই আমার শতভাগ আস্থা আছে।’
সাফের এই আসরে সেমিফাইনালে কোনো অতিরিক্ত সময় নেই। নির্ধারিত ৯০ মিনিট ড্র থাকলে খেলা সরাসরি পেনাল্টি শুটআউটে গড়াবে। তবে টাইব্রেকারের ঝুঁকি এড়াতে চান বাংলাদেশ কোচ। কক্সের ভাষ্য, ‘আশা করি আমরা ৯০ মিনিটের মধ্যেই ম্যাচ শেষ করতে পারব। তবে পেনাল্টি শুটআউট নিয়ে আমাদের বিশেষ প্রস্তুতি আছে।’
বিশ্বকাপে দেখা যাবে না লেভানডভস্কি-দোন্নারুম্মাদের: নক্ষত্রপতনের আসর ২০২৬
বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর ফিফা বিশ্বকাপে ইরাক