পুলিশ সদস্যকে গাড়িচাপা, আটক আইনজীবী আদালতে

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

জামালপুরে এক পুলিশ সদস্যকে গাড়িচাপা দেওয়ার অভিযোগে আইনজীবী বাবর আলীকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আহত পুলিশ সদস্যের মায়ের দায়ের করা সড়ক পরিবহন আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন। 

এর আগে বুধবার রাত ৮টার দিকে জামালপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত আইনজীবীকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা জজ আদালতে দায়িত্ব পালন শেষে আইনজীবী সমিতি ভবনের পেছনের রাস্তা দিয়ে হেঁটে মেইন রোডের দিকে যাচ্ছিলেন পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমান। এ সময় প্রাইভেটকার চালিয়ে যাওয়ার পথে অ্যাডভোকেট বাবর আলী পেছন থেকে তাকে চাপা দেন বলে অভিযোগ রয়েছে।

এতে গুরুতর আহত হন মাহবুবুর রহমান। পরে তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত অ্যাডভোকেট বাবর আলী জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) জামালপুর জেলা শাখার সভাপতি। তিনি জামালপুর-৫ (সদর) আসনে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে সাইকেল প্রতীকে অংশ নিয়েছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত পুলিশ সদস্যের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত