জামালপুরের মাদারগঞ্জ পৌর শহরে সেচ পাম্পের মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রীতা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী আবুল কাশেম (৪৫) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৩টার দিকে মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রীতা বেগম ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী এবং আহত আবুল কাশেম একই এলাকার আব্দুল গণির ছেলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, বিকালে নিজ বাড়ির পাশে ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের মোটর চালু করতে যান রীতা বেগম। এ সময় মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্ত্রীকে ছটফট করতে দেখে স্বামী আবুল কাশেম তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাদের দুইজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রীতাকে মৃত ঘোষণা করেন। স্বামী আবুল কাশেমের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আক্তার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন চিকিৎসা নিতে আসেন। এখানে আসার আগে রিতা নামে একজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা সঙ্কটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি খাত : আমান
জামালপুরে তেল মজুদ ও বেশি দামে বিক্রি, দোকানিকে জরিমানা