পাচারের সময় চন্দনাইশে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম

কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রির উদ্দেশ্যে টলি নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে চার ড্রাম ভর্তি ৬শ লিটার ডিজেল ও ২শ লিটার অকটেন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে ১১টার পর্যন্ত অভিযানকালে জ্বালানি তেলগুলো জব্দ করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

তিনি জানান,  ‘দোহাজারী পেট্টোলিয়াম’ নামে এক প্রতিষ্ঠান হতে বৈলতলী ইউনুস মার্কেটে বাড়তি দামে বিক্রির উদ্দেশ্যে টলি করে চার ড্রাম ভর্তি তেল নিয়ে যাওয়া হচ্ছে গোপন খবর পায় গোয়েন্দা সংস্থা। এ সময় দোহাজারী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের দেওয়ানহাট এলাকার উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুছ মার্কেট এলাকার মো. সাঈদের কাছ থেকে ৬শ লিটার ডিজেল ও ২শ লিটার অকটেন জব্দ করা হয়। 

ছবি: প্রতিনিধি

জব্দ করা ডিজেল ও অকটেন দোহাজারী পৌরসভা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেগুলো নিলামে বিক্রি করা হবে বলে জানান তিনি।

দেশে চলমান জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু ব্যক্তি অসদুপায় অবলম্বন করছেন। সামান্য মুনাফার আশায় ওইসব ব্যক্তি তেল মজুদ করে অতিরিক্ত দামে ভোক্তাদের কাছে বিক্রি করছেন। অসাধু চক্রের এমন কার্যক্রমের তদারকি করছে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত