নেত্রকোনা সীমান্তে ট্রাকভর্তি ভারতীয় পণ্য ও মদ জব্দ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

নেত্রকোনার কলমাকান্দা ও ময়মনসিংহের মুন্সিপাড়া সীমান্তের পৃথক অভিযান চালিয়ে ২১০ কেজি ভারতীয় জিরা, ফুচকাসহ একটি ট্রাক জব্দ ও বিপুল পরিমাণ মদ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শুক্রবার (৩ এপ্রিল) সকালে পৃথক দুইটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যাট কর্নেল তৌহিদুল বারী।

শুক্রবার ভোরে কলমাকান্দার বরুয়াকোনা ও ময়মনসিংহের ধোবাউড়ার মুন্সিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার গভীর রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী ব্রিজ এলাকায় অভিযান চালায় বরুয়াকোনা বিওপি’র সদস্যরা। এই সময় সীমান্ত মেইন পিলারের ভেতরে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পণ্য বোঝাই একটি ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২১০ কেজি ভারতীয় জিরা, ১২৬৪ কেজি ফুচকা এবং ১০০০ পিস পন্ডস পাউডার জব্দ করা হয়। জব্দ ট্রাক ও মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ৭১ হাজার ৪৮০ টাকা।

একই ভোরে ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়াইগড়া এলাকায় মুন্সিপাড়া বিওপি’র মাদক বিরোধী অভিযানে সীমান্ত মেইন পিলারে ৪০০ গজ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল মদ জব্দ করে বিজিবি সদস্যরা।

এবিষয়ে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল তৌহিদুল বারী জানান, জব্দ চোরাচালানী পণ্য নেত্রকোণা কাস্টমস অফিসে এবং জব্দ করা মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত