কবরস্থানের জায়গা দখলে নিলেন নিষিদ্ধ আ. লীগ নেতা, প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পিএম

কক্সবাজারের পেকুয়ার মগনামায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার কবরস্থানের জায়গা জবর-দখলের প্রতিবাদে স্থানীয় লোকজন মানববন্ধন করেছেন। মগনামার আজগর আলী সিকদার ওয়াকফ অ্যাস্টেড ভিত্তিভুক্ত মগনামা ১ নম্বর ওয়ার্ডের বাজার পাড়া জামে মসজিদ ও কবরস্থানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় শনিবার সকালে মগনামা বাজারপাড়া কেন্দ্রীয় কবরস্থানের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকার বাজারপাড়া জামে মসজিদের সভাপতি মাস্টার সালাহ উদ্দিন বলেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে নুর মোহাম্মদ প্রকাশ মাদু গং কবরস্থানের জায়গা জবর দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছিল। এখন আরও জায়গা দখল করতে নির্মাণকাজে বাধা দেওয়ার প্রতিবাদ করায় শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের ভেতরে হামলা করে। এ জন্য আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি।

কবরস্থান কমিটির সভাপতি ফরহাদ খান টিপু বলেন, সরকারিভাবে অনুদান পেয়ে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু করলে নুর মোহাম্মদ মাদু, আবু তালেব, জামাল, আক্তার, রিয়াজ উদ্দিন গং দা, কিরিচ, লোহার রড দিয়ে হামলা করে কাজ বন্ধ করে দিয়েছে। তারা কয়েক বছর ধরে কবরস্থানের জায়গায় বসতি নির্মাণ করে।

একই এলাকার পারভেজ, জয়নাল, হেলাল, মোহাম্মদ নুর জানান, ৪ দিন আগে মগনামা ইউনিয়নের চেয়ারম্যান কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন। কিন্তু এলাকার কিছু কুচক্রীমহল এতে বাধা দেয়। সরকারি অনুদান নিয়ে মসজিদ কমিটি ও কবরস্থানের কমিটির লোকজন ওয়াল দেওয়ার জন্য কাজ শুরু করে।

এলাকার মোজাহেদা বেগম জানান, ৫১ শতক জায়গা আরএস ও বিএস খতিয়ান মূলে কবরস্থানের জায়গা। কবরস্থানের জায়গার ওপর অনেক লোকজন ঘরবাড়ি নির্মাণ করছে। এ গুলি আমরা উচ্ছেদ চাই।

এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ মাদু, রিয়াজ উদ্দিন গং জানান, পেকুয়া উপজেলার বিএনপির সভাপতি বাহাদুর শাহ'র অফিসে কাগজপত্র নিয়ে উভয়পক্ষকে নিয়ে বৈঠক হয়েছে। আশা করি সামাধান হয়ে যাবে।

স্থানীয় লোকজন বলেন, মসজিদ ও কবরস্থানের ওয়াকফ জায়গার কাগজপত্র অনুযায়ী মাদু গং জবর দখল করে আছে। তাদের কোনও প্রকার মালিকানা না থাকলেও কতিপয় বিএনপি নেতারা এখন আওয়ামী সন্ত্রাসী ২০/২৫ মামলার আসামি নুর মোহাম্মদ মাদুকে কবরস্থান ও মসজিদের জায়গা জবর দখল করতে সহায়তা করছে।

মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, বিষয়টি আমি জেনেছি। সার্ভেয়ার পরিমাপে দেখা গেছে ১৪ শতক কবরস্থানের জায়গা জবর দখল করে মাদু গং বসতঘর নির্মাণ করেছে। এর বাইরে এসে কবরস্থানের জায়গায় ওয়াল নির্মাণ কাজে বাধা দিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত