গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ জানুয়ারি) উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা।
ওই দিন বিকেলে নিউ নাগরী ট্রেড সেন্টার নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ পাওয়া যায়।
অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক নিপু ডি কস্তাকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ এর ১ ধারা অনুযায়ী নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুদকৃত গ্যাস সিলিন্ডারগুলো ইউনিয়ন পরিষদের প্রশাসক কোহিনুর বেগমের উপস্থিতিতে খোলা বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধ মজুদের ঘটনা অত্যন্ত গুরুতর, তাই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে সাধারণ মানুষ সচল ও সাশ্রয়ী মূল্যে গ্যাস পেতে পারেন।
আড়াইহাজারে সৌদি ফেরত যুবক নিখোঁজ, থানায় জিডি