৭ পরিচালকের পদত্যাগ; একা হলেও চেয়ার ছাড়বেন না বুলবুল

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একের পর এক পরিচালক পদত্যাগ করছেন। পদত্যাগকারী পরিচালকেরা হলেন- ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম, মেহরাব আলম, মনজুর আলম, ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তবে সহকর্মীদের বিদায়েও কোনো হেলদোল নেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। তিনি একাই সভাপতির দায়িত্বে বসে থাকতে চান বলেও ইঙ্গিত দিয়েছেন।

গতকাল শনিবার বোর্ড সভার পর সাংবাদিকদের মুখোমুখি হননি বুলবুল। বোর্ড গঠনের ছয় মাসের মধ্যে এই দুরাবস্থা নিয়ে তিনি মুখ খুলেছেন একটি টেলিভিশন চ্যানেলে। বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিতে তাকে প্রশ্ন করা হয়- পরিচালক কমতে কমতে বোর্ড একসময় অল-আউট হয়ে যেতে পারে কিনা? জবাবে হাসতে হাসতে সাবেক এই অধিনায়ক বলেন, ‘একটা চেয়ার নিয়ে বসে থাকব। কী করব? যাওয়ার জন্য আমিই হব শেষ ব্যক্তি।’

আমিনুল ইসলাম বুলবুলের আমলে রাজনৈতিক কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ, যেটাকে দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থ হিসেবে মনে করেন বিশ্লেষকেরা। তবে যমুনা টিভিতে বুলবুল দাবি করেন, তার ওপর বাইরের শক্তির চাপ ছিল, ‘আমরা ছয় মাসের মতো বোর্ড চালাচ্ছি। একটা দিনের জন্যও কিন্তু আমরা শান্তিতে কাজ করতে পারিনি। আমাদেরকে একটা এক্সটার্নাল ফোর্স সব সময় ডিস্টার্ব করছে এবং করে চলেছে।’

বোর্ড সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পর বুলবুল অন্তর্বর্তী সভাপতি হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, টি-টোয়েন্টি খেলতে এসেছেন। কিন্তু কিছুদিন পরই তার অবস্থান বদলে যায়। বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে ফের তিনি সভাপতি হন। সেই নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ সেই তদন্ত রিপোর্ট জমাও পড়েছে। এবার দেখার, বুলবুল তার ‘টেস্ট ম্যাচ’ চালিয়ে যেতে পারেন কিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত