ধলেশ্বরী নদী ভরাটের চেষ্টা, ড্রেজারের পাইপ ভাঙল বিআইডব্লিউটিএ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম

নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে ধলেশ্বরী নদীর তীর দখল ও ভরাটের চেষ্টা করেছিল একটি চক্র। আজ বুধবার বিকেলে অভিযান চালিয়ে ড্রেজারের পাইপ ভেঙে দেয় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এ সময় অভিযানকারী টিমকে দেখে ড্রেজার নিয়ে পালিয়ে যায় ভরাট চেষ্টাকারীরা।

জানা গেছে, নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন ধলেশ্বরী নদীর দুই তীরেই ফোরশোরে সিএস নক্সা অনুযায়ী কোনও সীমানা পিলার নেই। নদীর ফোরশোরে সীমানা পিলার না থাকায় ধলেশ্বরী নদীর উভয় পাড়ের প্রভাবশালীরা নদীর ফোরশোরকে তাদের নিজস্ব জমি দাবি করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও আবাসিক ভবন এবং বনায়ন করে নদী দখল চেষ্টা করে যাচ্ছে। এতে করে নৌপথ যেমন সংকুচিত হচ্ছে তেমন বিভিন্ন অবৈধভাবে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানের দূষিত বর্জ্যে নদী দূষিত হচ্ছে।

স্থানীয়রা জানায়, কিছুদিন ধরে সৈয়দপুর এলাকায় ধলেশ্বরীর তীরে মোল্লা সল্টের পক্ষ হয়ে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেনের নেতৃত্বে নদীর তীরে বাঁশের আড়গাড়া স্থাপনের পর ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করে নদী দখল ও ভরাটের মহোৎসব চলছিল। খবর পেয়ে বুধবার বিকেলে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, উপ পরিচালক সাজ্জাদুর রহমানসহ বিআইডব্লিউটিএ’র একটি টিম ও আনসার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। অভিযানের বিষয়টি টের পেয়ে বালু ভরাটকারীরা ড্রেজার নিয়ে দ্রুত সটকে পড়ে। এ সময় বালু ভরাটের জন্য স্থাপিত ড্রেজারের পাইপ ও বাশের পাইলিং ভেঙে দেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেনের মুঠোফোনে কল করা হলে তিনি নদীর তীর দখল ও ভরাটের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ধলেশ্বরীর তীর দখল ও ভরাটের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ড্রেজারের পাইপ ও বাঁশের বেড়া ভেঙে দিয়েছি। ভরাটকারীরা অভিযানের বিষয়টি টের পেয়ে ড্রেজার নিয়ে দ্রুত সটকে পড়ে। এ বিষয়ে তদন্তের পরে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নদী দখলকারী যেই হোক তাদের ছাড় নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত