বগুড়া সদরে সাইফুল ইসলাম নামের সাবেক এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৫০) ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে ও নুনগোলা ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সদস্য, পেশায় খামারি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, রবিবার রাতে বাঘোপাড়া বাজার থেকে এক নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন যুবক তার পথরোধ করেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকেরা রামদা দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কুপিয়ে পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করেছে। মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।