ন্যাটো মিত্রদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব মার্ক রুটে। ট্রাম্পের মতে, প্রয়োজনে ন্যাটোকে পাশে পাওয়া যায় না। সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পর এসব তথ্য জানান ন্যাটো প্রধান।
সাবেক ডাচ প্রধানমন্ত্রী ও বর্তমান ন্যাটো মহাসচিব মার্ক রুটে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই আলোচনার বিস্তারিত তুলে ধরেন। তবে ট্রাম্প জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন কি না—এমন সরাসরি প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।
মার্ক রুটে বলেন, আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। তিনি (ট্রাম্প) অনেক ন্যাটো মিত্রের ওপর স্পষ্টভাবেই হতাশ। আমি তার এই অবস্থানের যৌক্তিকতাও দেখতে পাচ্ছি।
তবে আলোচনার সময় রুটে পাল্টা যুক্তিও তুলে ধরেছেন বলে জানান। তিনি বলেন, আমি তাকে এই বিষয়টিও বুঝিয়েছি যে, ইউরোপীয় দেশগুলোর বড় একটি অংশ বিভিন্নভাবে সহায়তা করে আসছে। তারা ঘাঁটি সরবরাহ, লজিস্টিক সহায়তা এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করছে।
এ সময় ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা কমিয়ে আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একক ভূমিকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। রুটে জানান, ট্রাম্পের সঙ্গে তার এই আলোচনা ছিল অত্যন্ত ‘খোলামেলা’ ও ‘স্পষ্ট’।
এর আগে এক বিবৃতিতে ট্রাম্প ন্যাটোর সমালোচনা করে বলেছিলেন, যখন আমাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। ভবিষ্যতেও যদি আমাদের প্রয়োজন পড়ে, তারা পাশে থাকবে না। মূলত ট্রাম্পের এমন কঠোর অবস্থানের প্রেক্ষাপটেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
