মেসির ফ্রি-কিক দেখেই গোল করার অনুপ্রেরণা আলভারেজের

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম

লিওনেল মেসি কাম্প ন্যু ছেড়েছেন কয়েক বছর হলো, কিন্তু সেই মাঠে আজও মেসির ছায়া খুঁজে পাচ্ছেন ফুটবল ভক্তরা। তবে এবার বার্সেলোনার হয়ে নয়, বার্সার জালেই মেসির স্টাইলে বল জড়িয়েছেন তারই জাতীয় দল সতীর্থ হুলিয়ান আলভারেজ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের ২-০ ব্যবধানের জয়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে এক চোখধাঁধানো ফ্রি-কিক করেন আলভারেজ।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড জানান, মেসির সেই বিখ্যাত গোলই ছিল তার মাথায়। আলভারেজ বলেন: "আমি মেসির করা লিভারপুলের বিপক্ষে সেই গোলটি (২০১৯ সালের মে মাসে এই মাঠেই করা) বহুবার দেখেছি। তবে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম না যে বলটা ঠিক ওই কোণ দিয়েই ভেতরে ঢুকবে কি না। একবার যখন বলে শট নিই, তখনই বুঝতে পারি। গতকাল আমরা অনুশীলনে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি একটা গোলও করতে পারিনি। আজ যখন প্রয়োজন ছিল, তখনই হলো।"

এই মৌসুমে এটি আলভারেসের ১৮তম গোল। এমন দুর্দান্ত ফর্মের কারণে তাকে দলে পেতে এখন কাড়াকাড়ি শুরু করেছে ইউরোপের বড় ক্লাবগুলো। গুঞ্জন রয়েছে, বার্সেলোনা এবং আর্সেনাল তাকে দলে ভেড়াতে আগ্রহী। তবে আতলেতিকো মাদ্রিদ প্রেসিডেন্ট এনরিকে সেরেজো বেশ কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই খেলোয়াড়কে ছাড়ার সিদ্ধান্ত কেবল ক্লাবের।

সেরেজো মজা করে বলেন, "একজন খেলোয়াড়ের যখন দীর্ঘমেয়াদী চুক্তি থাকে, তখন ভাবুন কী হতে পারে! আমি যতক্ষণ না বলবো তাকে যেতে হবে, সে কোথাও যাচ্ছে না।"

ম্যাচ সেরার পুরস্কার জেতা আলভারেজ অবশ্য দলবদল নিয়ে এখনই ভাবছেন না। তার পুরো মনোযোগ এখন মৌসুমের বাকি অংশে। তিনি বলেন:

"আমি এখন খুব ভালো ফর্মে আছি। সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা সামনে। আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে কারণ সামনে অনেক বড় সুযোগ অপেক্ষা করছে।"

প্রথম লেগের জয় নিয়ে আত্মতৃপ্তিতে ভুগছেন না আলভারেস। আগামী সপ্তাহে মেত্রোপলিতানোতে ফিরতি লেগের কথা মনে করিয়ে দিয়ে তিনি সতর্কবার্তা দিলেন: "লড়াই এখনো শেষ হয়ে যায়নি। আমরা জানি বার্সেলোনা কেমন দল। তবে সত্য এটাই যে, আমরা এখন সুবিধাজনক অবস্থানে আছি এবং আমাদের ঘরের মাঠে দর্শকদের সমর্থনকে কাজে লাগাতে হবে।"


×
সর্বশেষ সর্বাধিক পঠিত