বৈশাখী আনন্দ

ব্যাগে থাকুক জরুরি অনুষঙ্গ

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:১৮ এএম

রোদ আর গুমোট গরমের মাঝে বৈশাখের আনন্দ উপভোগ করা বড় চ্যালেঞ্জ। তাই বৈশাখের সাজপোশাকের পাশাপাশি ‘অনুষঙ্গ’ হিসেবে কী কী সঙ্গে রাখবেন, দেখে নিন জরুরি চেকলিস্ট।

পানির বোতল ও রি-হাইড্রেশন কিট :

বৈশাখের উৎসব মানেই দীর্ঘ সময় বাইরে হাঁটা। তাই ব্যাগে অন্তত এক লিটার নিরাপদ পানির বোতল রাখা মাস্ট। সাধারণ পানির পাশাপাশি সঙ্গে দুই-তিন প্যাকেট ওরাল স্যালাইন বা গ্লুকোজ রাখতে পারেন।

ছাতা, চশমা ও হ্যাট : উৎসবের সাজের সঙ্গে মানানসই একটি ফোল্ডিং ছাতা ব্যাগে রাখুন। রোদ চশমা বা সানগ্লাস শুধু স্টাইলের জন্য নয়, চোখকে ধুলোবালি ও কড়া রোদ থেকে বাঁচাতেও জরুরি। চাইলে ট্র্যাডিশনাল হ্যাটও সঙ্গে নিতে পারেন।

সানস্ক্রিন ও ওয়েট টিস্যু : ঘর থেকে বের হওয়ার ২০ মিনিট আগে সানস্ক্রিন মাখা যেমন জরুরি, তেমনি দীর্ঘ সময় বাইরে থাকলে ২-৩ ঘণ্টা পরপর পুনরায় সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। তাই ছোট প্যাকেটের সানস্ক্রিন সঙ্গে রাখুন। গরমে মুখ ও হাত ঘেমে একাকার হয়ে গেলে ‘ওয়েট টিস্যু’ হতে পারে আপনার প্রাণ রক্ষাকারী। ঘাম মোছার পাশাপাশি তাৎক্ষণিক সতেজতা দেয়।

পাওয়ার ব্যাংক ও চার্জিং কেবল : §ার্টফোনের যুগে উৎসবের মুহূর্তগুলো ফেসবুক বা ইনস্টাগ্রামে লাইভ না করলে কি চলে? মেলা বা জনাকীর্ণ এলাকায় চার্জ দেওয়ার জায়গা পাওয়া অসম্ভব। তাই ফুল চার্জড পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

ফোল্ডিং হাতপাখা : পহেলা বৈশাখের মেলায় তালপাতার বা বাঁশের পাখা কিনতেই পাওয়া যায়। ভিড়ের মধ্যে যখন বাতাস চলাচলের জায়গা থাকে না, তখন ব্যাগে থাকা ছোট ফোল্ডিং হাতপাখা অনেক আরাম দেবে।

আরামদায়ক জুতা ও অতিরিক্ত মাস্ক : আরামদায়ক ফ্ল্যাট জুতা, স্নিকার্স বা দুই ফিতার চটি পরুন। এ ছাড়া জনসমাগমে ধুলাবালি থেকে বাঁচতে ভালো মানের মাস্ক সঙ্গে রাখুন।

ছোট ফার্স্ট এইড বক্স ও ন্যাপকিন : ব্যাগের এক কোনায় কিছু প্রয়োজনীয় ওষুধ যেমন প্যারাসিটামল, গ্যাসের বড়ি, ব্যান্ড-এইড এবং অ্যান্টিসেপটিক ক্রিম রাখতে পারেন। উৎসবের ভিড়ে ছোটখাটো দুর্ঘটনা বা মাথাব্যথায় এগুলো খুব কাজে দেয়।

টাকা ও পরিচয়পত্র : বৈশাখের ভিড়ে ব্যাগ মোবাইল হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সব টাকা এক জায়গায় না রেখে দুই-তিন জায়গায় ভাগ করে রাখুন। ছোট একটি ব্যাগে বা পকেটে জাতীয় পরিচয়পত্রের কপি বা স্টুডেন্ট আইডি কার্ড রাখা জরুরি, যেন কোনো জরুরি প্রয়োজনে কাজে আসে। অতিরিক্ত ভারী গয়না বা সিন্থেটিক কাপড় এড়িয়ে সুতি কাপড় বেছে নিন। সঙ্গে ওপরের অনুষঙ্গগুলো থাকলে রোদের উত্তাপ ছাপিয়ে আপনার বৈশাখ হয়ে উঠবে রঙিন এবং আরামদায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত