ঢাকায় থাকছেন না প্রণয় ভার্মা, গন্তব্য বেলজিয়াম ও ইইউ

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ এএম

ভারত সরকার ঢাকায় দেশটির হাইকমিশনে উচ্চ পর্যায়ে রদবদল করতে শুরু করেছে। এর অংশ হিসেবে হাইকমিশনার প্রণয় ভার্মাকে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নে ও বেলজিয়ামে দেশটির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে এ নতুন দায়িত্বে বদলির কথা জানায়। ভারতীয় কূটনীতিকরা অবশ্য প্রণয় ভার্মাকে বেলজিয়ামে পাঠানোকে ঢাকার মেয়াদ শেষে নিয়মিত বদলি হিসেবে দেখছেন। তিনি শিগগির ব্রাসেলসে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে যোগ দেন। এর আগে তিনি ভিয়েতনামে দেশটির রাষ্ট্রদূত ছিলেন। তিনি ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন।

ভারতের রাষ্ট্রীয় ব্যবস্থায় ঢাকায় দেশটির হাইকমিশনের সর্বোচ্চ পদটি বেশ গুরুত্বপূর্ণ বিবেচিত হয়ে থাকে।

২০০৯ সাল থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘সোনালি অধ্যায়’ হিসেবে বিবেচনা করে থাকে ভারত সরকার। গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট তার সরকারের পতনের মাধ্যমে ঢাকায় ক্ষমতার পালাবদলের পর ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড়েন শুরু হয়।

বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ভারত নতুন করে সম্পর্কে গতি আনার চেষ্টা শুরু করেছে।  

এমন প্রেক্ষাপটে একজন অভিজ্ঞ ব্যক্তিকে হাইকমিশনার হিসেবে শিগগির ঢাকায় পাঠানো হতে পারে, এমন আলোচনা আছে কূটনৈতিক মহলে। এর বাইরে ঢাকায় ভারতীয় মিশনগুলোয় বিভিন্ন পদে আরও রদবদল হতে পারে, এমনটা মনে করছেন কূটনীতিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত